ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

“সবাই মিলে দেশ গড়ি, একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির সমাপ্তি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির জন্য ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা জানান, ডেঙ্গু বর্তমানে দেশের একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে না দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। এছাড়া জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।