রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এ সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছাড়ে।
ডিএমটিসিএল জানিয়েছে, বর্ধিত সময়সূচি চালুর আগে গত এক মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত সময়ে উভয় দিক থেকে একটি করে ট্রিপ পরিচালিত হবে। ফলে এ সময়ে দুটি ট্রেনের মধ্যে ১০ মিনিট ব্যবধান থাকবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের বর্ধিত সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার থেকে যাত্রীরা এ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে উত্তরা থেকে দিনের প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যায়। তবে সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।