পাঁচবিবিতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি, খায়রুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম. এ. ওয়াহাব, সদস্য আলী হাসান মুক্তা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে প্রয়াত ৪০ জন নেতাকর্মীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রয়াত নেতাকর্মীদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননার ক্রেস্ট ও স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধান অতিথি মোঃ মাসুদ রানা প্রধান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ বুকে ধারণ করে ভবিষ্যতের আন্দোলনে এগিয়ে আসতে হবে।” তিনি শহীদ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দল সবসময় তাদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।