কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চালের ড্রামের ভেতর বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৬ জুন) সকালে গ্রেপ্তার জসিম উদ্দিনকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছনের কাঠখড়ির ঘরে রাখা একটি চালের ড্রামের ভেতর থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাটি বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
এ সময় গাঁজা পাহারা দেওয়ার অভিযোগে জসিম উদ্দিন (২৪) নামের একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার তিন পাশে ভারতীয় সীমান্ত থাকায় এ এলাকায় মাদক চোরাচালানের ঝুঁকি বেশি। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা জরুরি। জনগণ সচেতন না হলে মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে।