‘জলবায়ু সংকট মোকাবেলায়, সমাধান ও স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৫ জুন) ভেটখালী বনবিবি মন্দির মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে জয়িতা প্রতিবন্ধী নারীর উন্নয়ন সংস্থা এবং নাগরিক উদ্যোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টমী মালো। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অপু চৌকিদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের কমিউনিটি মবিলাইজারবৃন্দ এবং জয়িতা প্রতিবন্ধী নারীর উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকরা।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে সৃষ্ট নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে লবণাক্ততা বৃদ্ধি, নিরাপদ পানির সংকট, কৃষি উৎপাদনে ক্ষতি এবং জীবিকায় বিরূপ প্রভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নারীদের, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে অষ্টমী মালো বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে প্রতিবন্ধী নারীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে স্থিতিস্থাপকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।