ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার স্তূপ অপসারণের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ, পরিবেশ দূষণ রোধ এবং জনভোগান্তি নিরসনের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর আহ্বানে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, মাহফুজুর রহমান পুষ্প, শেখ আরিফ বিল্লাহ আজিজী, শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, শামীম এবং আহসান আল মোহাব্বত

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে উপস্থিত বক্তারা পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত বর্জ্য অপসারণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি পুনর্ব্যক্ত করেন এবং আমিনপুর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।