সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে ৪০ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ

খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় এক মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও ফিটনেস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাঁতার এমন একটি দক্ষতা, যা শুধু খেলাধুলার অংশ নয়, জীবন রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। তাই প্রত্যেকের সাঁতার শেখা প্রয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমাদুল হক খান, সাঁতার প্রশিক্ষক ও ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রফিক উল ইসলাম খান এবং মুন্সীপাড়া ক্লাবের প্রতিনিধি মো. রাশিদুজ্জামান সুমনসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।