শিক্ষা ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ডা. বাচ্চু এমপি

শ্রীপুর প্রতিনিধি, টিপুসুলতান   প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার উন্নয়ন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

গত বুধবার সকাল ১০টায় তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত আব্দুল আওয়াল ডিগ্রি কলেজে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি বাচ্চু। এসময় তিনি বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এরপর সকাল ১১টায় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসি।

সভায় এমপি বাচ্চু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক ছিলেন। তাঁর আদর্শ ছিল দেশপ্রেম, উন্নয়ন ও মানুষের কল্যাণ। জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের সেবায় নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা শাহজাহান মোড়লসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ধরনের উদ্যোগ শিক্ষার উন্নয়ন ও দেশপ্রেমের আদর্শকে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বের প্রতিফলন হিসেবে গণ্য করা হচ্ছে।