শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যেই এ দেশের মানুষের জন্য একটি অনন্য জাতীয় পরিচিতি গড়ে দিতে সক্ষম হয়েছিলেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ ও ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ এক চরম সংকটের মধ্যে ছিল এবং মুক্তিযুদ্ধের ঘোষণার প্রত্যাশা করছিল। সেই সময় চট্টগ্রাম থেকে এক সাধারণ মেজর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরতা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ তিনি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখেছেন। এ অভিজ্ঞতার কারণেই জিয়াউর রহমান তার কাছে একজন অনন্য ও ক্ষণজন্মা নেতা হিসেবে বিবেচিত।
বিএনপির আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় উদার ও বহুমাত্রিক গণতন্ত্রে বিশ্বাস করে। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা, বিভাজন সৃষ্টি নয়। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে তিনি বিভিন্ন রাজনৈতিক শক্তিকে একত্রিত করার উদ্যোগ নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কোনো দেশের শত্রু হিসেবে দেখতে চাননি, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতি অনুসরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতি নিয়ে দেশকে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গবেষক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।