লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান: ৮ পক্ষকে জরিমানা ও পচা খাবার ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় লালমনিরহাটে জেলা প্রশাসন বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ৩ জুন (বুধবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় শহর ও বিভিন্ন উপজেলায় একযোগে এই অভিযান চালানো হয়। এতে মোট ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিসহ ৮ পক্ষকে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পচা ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ ও মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শহরের মিশন মোড়, বিডিআর হাট ও সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি রেস্তোরাঁকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। খাবারে অননুমোদিত রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে প্রায় ৬ হাজার টাকার পচা খাবার জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া সদর ও কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাতীবান্ধা ও আদিতমারী উপজেলায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম রোধে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে আলোরূপা মোড় এলাকায় রড ও সিমেন্ট ব্যবসাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করে দ্রুত ডিলিং লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।