নওগাঁয় হাসুয়াসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়া দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আজিজার রহমানের কন্যা সুলতানা রাজিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি তার মায়ের সঙ্গে লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির গেট তালা দেওয়ার সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আব্দুল আলীম (৫০) ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযান শুরু করে। অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টার অভিযানে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আব্দুল আলীমকে ব্যবহৃত ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।