বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি অধ্যাপক আসলাম চৌধুরী জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে গৃহীত অভিযোগ ও প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে আসলাম চৌধুরী বলেন, “জঙ্গল সলিমপুরে যেসব অভিযোগ এবং প্রচারণা চালানো হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কখনো ওই এলাকার কোনো গোষ্ঠী বা পক্ষকে পৃষ্ঠপোষকতা করিনি এবং ভবিষ্যতেও এর সঙ্গে যুক্ত থাকার প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
অধ্যাপক আসলাম চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্ত হওয়ার পর থেকে জঙ্গল সলিমপুর এলাকায় কোনো সফর করেননি এবং জাতীয় সংসদ নির্বাচনকালেও সেখানে কোনো রাজনৈতিক সমাবেশে যাননি।
তিনি গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করার সংস্কৃতি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।”
বিবৃতির শেষাংশে আসলাম চৌধুরী পুনর্ব্যক্ত করেছেন, জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তির মূল উৎস। তিনি নিশ্চিত করেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসায়ী কোনো অবস্থাতেই এলাকায় থাকবে না, যদি জনগণ একসাথে কাজ করে।