চট্টগ্রামের ব্যবসায়ীরা চান নতুন মার্কেট সময়সূচি

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চট্টগ্রামের ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমান মার্কেট সময় পরিবর্তনের দাবি জানিয়েছেন। বর্তমানে শপিং মল ও মার্কেট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। ব্যবসায়ীদের মতে, সন্ধ্যার পর ক্রেতাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই তারা চান মার্কেট দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হোক।

বিধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নব-নির্বাচিত বোর্ডের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেট ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও ব্যাংক ঋণ পরিশোধের সমস্যার কথা তুলে ধরেন।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “নতুন পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। জ্বালানি সাশ্রয়ে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার যৌক্তিক দাবিটি সরকারী পর্যায়ে আলোচনা করা হবে।”

চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, “ব্যবসায়ীদের প্রদত্ত ট্যাক্স ও ভ্যাট দেশের অর্থনীতি সমৃদ্ধ করছে। তাই ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারকে আরও সচেষ্ট হতে হবে।”

সভায় বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সালামত আলী, ফিনলে সাউথ সিটি দোকান মালিক সমিতির সভাপতি মো: জসিম উদ্দিন, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জয়নাল আবেদীন প্রমুখ উল্লেখযোগ্য।

ব্যবসায়ীদের দাবি মানা হলে সন্ধ্যার ক্রেতা প্রবাহ ধরে রাখা সম্ভব হবে এবং মার্কেট পরিচালনার ব্যয় ও জ্বালানি খরচ নিয়ন্ত্রণে আসবে।