বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের লম্বা, ঘন ও উজ্জ্বল চুল নিয়ে আবারও আলোচনায় নেট দুনিয়া। মা হওয়ার পর কিছুদিন পর্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকলেও সম্প্রতি তার পারিবারিক মুহূর্তের কিছু ছবি ভক্তদের নজর কাড়ে। স্বামী ভিকি কৌশল ও সন্তানের সঙ্গে তোলা সেই ছবিগুলোতে সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে ক্যাটরিনার ঘন ও ঝলমলে চুল।
অনেক ভক্তই তার চুলের যত্নের রহস্য জানতে চেয়েছেন। তবে ক্যাটরিনা জানিয়েছেন, এর পেছনে কোনো দামি পার্লার ট্রিটমেন্ট নয়, বরং শাশুড়ির তৈরি এক ঘরোয়া তেলই তার চুলের প্রধান যত্নের উপায়।
২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বিশেষ তেল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে ব্যবহার করা হচ্ছে।
এই তেলে রয়েছে কয়েকটি প্রাকৃতিক উপাদান। এর মধ্যে পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া কমাতে সহায়তা করে। আমলকি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় স্ক্যাল্পের পুষ্টি জোগায় এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে।
এছাড়া অ্যাভোকাডো ব্যবহারের ফলে চুলের রুক্ষতা কমে যায় এবং স্ক্যাল্প আর্দ্র ও কোমল থাকে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে লোহার পাত্রে হালকা আঁচে দীর্ঘ সময় ধরে ফুটিয়ে এই তেল তৈরি করা হয়, যা এর পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয় বলে জানা গেছে।
তবে ক্যাটরিনা জানিয়েছেন, চুলের যত্নে শুধু এই তেলই যথেষ্ট নয়। তিনি দৈনন্দিন জীবনে খুবই সাধারণ রুটিন অনুসরণ করেন। সংবেদনশীল ত্বকের কারণে ভারী কেমিক্যালযুক্ত প্রসাধনী ও অতিরিক্ত মেকআপ এড়িয়ে চলেন তিনি, যা তার চুল ও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে। ফলে ঘরোয়া যত্ন, সুষম জীবনযাপন এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহারই তার সৌন্দর্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন ভক্তরা।