শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় প্রাণ গেল জামাইয়ের

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের জামাতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির আঙিনার একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন জানান, আম পাড়তে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেননি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।