ঢাকার মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অভিযুক্ত যুগ্ম-সচিবের বক্তব্য গ্রহণসহ সব ধরনের নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত রোববার (১ জুন) মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের তথ্যমতে, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় তা পচে গিয়েছিল এবং কীটপতঙ্গও দেখা যায়। স্থানীয়দের বরাতে জানা যায়, বাসাটি ছিল অপরিচ্ছন্ন ও অগোছালো, এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তারা বিষয়টি পুলিশকে জানায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম ওই বাসায় তার মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুবই নোংরা অবস্থায় ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, নিহত নারীর এক ছেলে যুগ্ম-সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।
বৃদ্ধা মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সন্তানের দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।