বিশ্বকাপ ২০২৬ বিনামূল্যে খেলা দেখাবে ‘লাইভমোড’ এবং ‘কেজটিভি’, সুযোগ পাবে কী বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই আসরকে ঘিরে এবার বড় ধরনের চমক এসেছে ব্রাজিলের দর্শকদের জন্য। ইউটিউবে বিনামূল্যে পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ পাচ্ছেন দেশটির ফুটবল ভক্তরা।

ফাইভ-টাইম বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দর্শকদের জন্য ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে সম্প্রচারের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’ এবং স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা এই কোম্পানিটি ব্রাজিলের বাজারে ডিজিটাল ক্রীড়া সম্প্রচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে এই সুবিধা বাংলাদেশ বা ভারতের দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন না। ফলে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য বিষয়টি কিছুটা হতাশার।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের প্রতিষ্ঠিত স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান ‘লাইভমোড’-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে ‘কেজটিভি’ যাত্রা শুরু করে। কাতার বিশ্বকাপে সীমিত কিছু ম্যাচ সম্প্রচার করলেও পরবর্তীতে তারা ফিফা নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকসহ বিভিন্ন বড় টুর্নামেন্ট কাভার করে নিজেদের অবস্থান শক্ত করেছে।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কেজটিভি ব্রাজিলিয়ান দর্শকদের জন্য 4K রেজোলিউশনে লাইভ স্ট্রিমিংয়ের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ম্যাচের বাইরের বিশেষ দৃশ্য, সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এবং ইন্টারঅ্যাক্টিভ সেশনও যুক্ত থাকবে, যা তরুণ দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক ফুটবলপ্রেমীর মধ্যে এখন এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো স্থানীয় সম্প্রচার স্বত্ব ঘোষণা না আসায় সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘরে বসে প্রিয় দলের খেলা সরাসরি দেখা যাবে কি না—এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়।