দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশের প্রতিটি নাগরিককে মাথায় রেখে আসন্ন বাজেট প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বাজেট ভালো হবে। দেশের প্রতিটি মানুষকে বিবেচনায় রেখেই বাজেট তৈরি করা হচ্ছে। আমরা একটি কঠিন ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তবুও সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের ওপর ঋণের চাপ রয়েছে এবং অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জিং হলেও সরকার দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তার ভাষায়, বাজেট এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে অর্থনীতির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে ধীরে ধীরে বিনিয়োগনির্ভর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার মতে, অতীতে ঋণনির্ভর অর্থনীতি গড়ে ওঠায় বাজেটের বড় অংশ সুদ পরিশোধে চলে যায়। এই অবস্থা থেকে বের হয়ে আসতে পাবলিক ফাইন্যান্স ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা চলছে। লক্ষ্য হলো একটি টেকসই ও উন্নয়নমুখী অর্থনীতি গড়ে তোলা, যা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ভবিষ্যতে বৃহৎ অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহায়ক হবে।