চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিলে অংশগ্রহণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জনকে আটক করা হয়েছে খুলশী থানা এলাকা থেকে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১২ জন, কোতোয়ালী ও পাঁচলাইশ থানা এলাকা থেকে ১০ জন করে, ডবলমুরিং থানা থেকে সাতজন এবং নগরের অন্যান্য থানা এলাকায় অভিযান চালিয়ে বাকি ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ বা সহযোগিতার অভিযোগে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ানের সামনের সড়ক থেকে একদল নেতাকর্মী মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্তে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএমপি জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।