গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

দেশের পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নতুন মূল্য ঘোষণা করা হয়। কমিশন জানিয়েছে, নতুন এই দাম ১ জুন থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, আবাসিক খাতে বিভিন্ন স্তরে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ০–৫০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। ০–৭৫ ইউনিটে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা।

৭৬–২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি দাম ৮ টাকা ৫০ পয়সা, ২০১–৩০০ ইউনিটে ৯ টাকা ১০ পয়সা এবং ৩০১–৪০০ ইউনিটে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ৪০১–৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য নতুন দাম দাঁড়িয়েছে ১৫ টাকা ০১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে ইউনিটপ্রতি দাম বেড়ে ১৭ টাকা ৩৫ পয়সা হয়েছে।

আবাসিক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। কৃষি সেচের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৬ টাকা ০৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন দাম ৯ টাকা ০৫ পয়সা। রাস্তার বাতি ও পানির পাম্পে ইউনিটপ্রতি দাম ১১ টাকা ৪৬ পয়সা, ক্ষুদ্র শিল্পে ১২ টাকা ৭৩ পয়সা এবং নির্মাণ শিল্পে ১৮ টাকা ০৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ও ব্যাটারি চার্জিং স্টেশনের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ১১ টাকা ৩৬ পয়সা এবং বাণিজ্যিক ও অফিস-আদালতের ক্ষেত্রে নতুন দাম ১৫ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের এই নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ায় সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।