বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিনটি ঘিরে আয়োজন করা হয়েছে র্যালি, সচেতনতামূলক কার্যক্রম এবং সাইকেল রাইড।
এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি-এর দীর্ঘ প্রচেষ্টা। তিনি সাইকেলের ব্যবহার ও গুরুত্ব তুলে ধরার জন্য একটি আন্তর্জাতিক প্রচারণা শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল জাতিসংঘকে সাইকেলের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণে প্রভাবিত করা।
২০১৫ সালে একাডেমিক প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব বিশ্বব্যাপী সাড়া ফেলে। এর ফলস্বরূপ, ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। তুর্কমেনিস্তান প্রস্তাবটি উপস্থাপন করে এবং প্রায় ৫৬টি দেশ সহ-প্রস্তাবক হিসেবে যুক্ত হয়।
সেই সময় থেকে প্রতি বছর ৩ জুন বিশ্বজুড়ে সাইকেলের উপকারিতা, পরিবেশে ইতিবাচক প্রভাব এবং স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরার জন্য নানা আয়োজন করা হয়। এবছরও দিনটি উদযাপনে সচেতনতা বৃদ্ধি, সাইকেল রাইড এবং বিশেষ র্যালি অনুষ্ঠিত হচ্ছে।