খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পর আগামী জুলাই-আগস্টের মধ্যে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে লেকগুলোর দূষণ রোধে সুয়ারেজ লাইনগুলো দাশেরকান্দি শোধনাগারে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, গুলশান-বনানী এলাকার বিভিন্ন আবাসিক সোসাইটিকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।
পরিদর্শনকালে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গেও কঠোর বার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব অবিন্যস্ত ও নোংরা জায়গায় এডিস মশার লার্ভা জন্মায়, সেগুলো পরিষ্কারের জন্য দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্তের বিষয়েও কথা বলেন। তিনি জানান, গত সোমবার তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরিদর্শনকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার বলছে, নগর ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।