সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস এবং দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও আদর্শ মানবতা, সহমর্মিতা, সত্য এবং ন্যায়ের পথ দেখায়। তাঁর শিক্ষা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে আছে। সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস মানবসেবা ও কল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচি, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপি সদস্য মোস্তফা কামাল মিলন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সভাপতি সমর দাস, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ, উদযাপন পরিষদের আহ্বায়ক উদ্দীপ ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত, পূজারি ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। তারা ধর্মীয় আলোচনা, বিশেষ প্রার্থনা ও পূজায় অংশ নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
আয়োজকরা জানান, তিরোধান দিবস উপলক্ষে আরও বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।