কুমিল্লার লাকসামে এক তরুণীকে বাড়ি থেকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে বহু লোকের উপস্থিতিও দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার লাকসাম উপজেলার হারাখাল এলাকার তাহমিনা আক্তার স্মৃতি নামের ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের মধ্যে বিয়ে হয় বলে জানা যায়। তবে তরুণীর বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার বিষয়টি মেনে নেয়নি এবং মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করে।
মামলার পর পুলিশ অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং স্মৃতিকে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়। পুলিশ জানায়, ওই মামলায় মাসুদ সম্প্রতি জামিনে মুক্তি পান। এরপর সোমবার রাতে তিনি লোকজন নিয়ে গিয়ে তরুণীর বাড়িতে ভাঙচুর চালান এবং পরে তাকে নিয়ে যান।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার লাইলী জানান, বিষয়টি পূর্বের প্রেমের সম্পর্ক ও পারিবারিক বিরোধের সঙ্গে জড়িত। জামিনে বের হওয়ার পর মাসুদ আবারও তরুণীকে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তরুণীর পরিবার নতুন করে থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।