জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায় আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস।

বাংলাদেশের জন্য এ নির্বাচন একটি ঐতিহাসিক অধ্যায়। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ এ পদে আর কোনো প্রার্থী দেয়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রায় চার বছর আগে ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দেয়। তবে শেষ মুহূর্তে ফিলিস্তিনও এ পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ ও ফিলিস্তিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের সামনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকে সাইপ্রাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী বিজয়ী হন।

বাংলাদেশ সরকার এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং ড. খলিলুর রহমানের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদে বাংলাদেশ নির্বাচিত হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি বহুপাক্ষিক কূটনীতি, বৈশ্বিক উন্নয়ন, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে। এটি দেশের জন্য একটি গর্বের অর্জন হিসেবেও বিবেচিত হবে।