দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, লিটার কত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুন, ২০২৬

দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের নতুন দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার ১১৫ টাকা বহাল রাখা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে অকটেনের দাম প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতদিন সেই মূল্যহারেই দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিন ধরনের জ্বালানির দাম বাড়লেও ডিজেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।