শ্যামনগরে দীর্ঘক্ষণ ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট, ঘন ঘন লোডশেডিং ও কম ভোল্টেজের অভিযোগে পল্লী বিদ্যুতের ডিজিএম ও এজিএম এর দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে এই কর্মসূচি পরিচালনা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার জাতীয় গ্রিড স্টেশন থেকে শ্যামনগর পর্যন্ত সরাসরি সরবরাহ লাইন বা গ্রিড লাইন স্থাপন করতে হবে। এছাড়া শ্যামনগরে স্মার্ট গ্রিড সিস্টেম স্থাপন, চাহিদা অনুযায়ী ফিডার লোড ম্যানেজমেন্ট প্রকাশ, লোডশেডিং সহনীয় মাত্রায় বাস্তবায়ন, বিদ্যুৎ মিটার নবায়ন ও পুনঃস্থাপনের নামে অনৈতিক বাণিজ্য বন্ধ করা, পাওয়ার স্টেশন ৩৩ কেভি থেকে ১০০ কেভি উন্নীত করা এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি করা প্রয়োজন।
বক্তারা আরও দাবি করেন, প্রতিটি জোনে ২৪/৭ হটলাইন চালু করে পেশাদার আচরণের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান ডিজিএম ও এজিএম সাধারণ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাদের দ্রুত অপসারণ না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আল ইমরান, জান্নাতুল নাইম, মনিরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিক, হাফিজুর রহমানসহ আরও অনেকে।