পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুমিল্লার মুরাদনগরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩০ মে এবং এর পূর্বের চার দিনে কোম্পানীগঞ্জ, আল্লাহু চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সতর্ক করা হয় যে, নির্ধারিত ভাড়া ছাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, ট্রাফিক শৃঙ্খলা মানতে হবে এবং যাত্রীসেবায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
সাকিব হাছান খাঁন জানান, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে সড়কে বিশৃঙ্খলা কমে এবং ঈদযাত্রা হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।