প্রথম দিনে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি যাত্রার প্রথম দিনেই ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন।

শনিবার (৩০ মে) বিভিন্ন ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, হজ পালন করতে গিয়ে কোনো ধরনের উল্লেখযোগ্য ভোগান্তির মুখে পড়তে হয়নি।

হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে আবাসন, খাবার, পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত। ফলে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে ধাপে ধাপে আরও হাজি দেশে ফিরবেন এবং ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।