লালমনিরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ব্যাপক আয়োজনে পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি, যিনি নিজ হাতে খাবার বিতরণ করেন।
মন্ত্রী দুলু তার বক্তব্যে বলেন, “সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে সমালোচনা করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। দেশবাসী ভালোভাবে জানে কারা সংকটে মানুষের পাশে থাকে এবং কারা শুধু ফাঁকা আওয়াজ তোলে। শুধুমাত্র সমালোচনা করে জনগণের মন জয় করা যায় না। বর্তমান সরকার কথায় নয়, কাজের মাধ্যমে জনগণের কল্যাণে নিয়োজিত রয়েছে।”
খাবার বিতরণ পর্বের আগে এক বিশেষ মোনাজাতে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানবিক কার্যক্রমে উপস্থিত অসহায় ও দুস্থরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা বিএনপির এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।