রাস্তায় কোরবানির বর্জ্য, দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদুল আজহার পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রমের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ দীর্ঘদিনের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ-সচিব) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বরখাস্ত কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।