‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে আলোচিত বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই মহিষটিকে একনজর দেখতে চিড়িয়াখানায় ভিড় করেন নানা বয়সী মানুষ।

শুক্রবার (২৯ মে) দুপুরে চিড়িয়াখানার ভেতরে গিয়ে দেখা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মহিষটির চেহারার মিল খুঁজে মজা করছেন।

মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি আভাযুক্ত শরীর এবং ব্যতিক্রমী গড়নের কারণে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছে মহিষটি। ভাইরাল হওয়ার পর সেটি এখন জাতীয় চিড়িয়াখানার নতুন তারকায় পরিণত হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে আলাদা একটি ঘেরাটোপে রেখেছে। দর্শনার্থীদের কোলাহলের মাঝেও প্রাণীটিকে বেশ শান্তভাবেই দেখা গেছে। মাঝে মাঝে সেটি মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ছিল মহিষটির আগের ঠিকানা। খামারের মালিকের পরিবারের সদস্যরা এর মাথার চুলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চুলের মিল খুঁজে মজার ছলে নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে প্রাণীটি।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি করা হলেও শেষ পর্যন্ত সেটিকে জবাই করা হয়নি। সরকারের উদ্যোগে বিরল অ্যালবিনো প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় আনা হয়।

চিড়িয়াখানা সূত্র জানায়, পরিবহনের সময় সামান্য আঘাত পেলেও বর্তমানে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মহিষটি।

দর্শনার্থীদের অনেকেই মনে করছেন, মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত সঠিক হয়েছে। বিশেষ করে শিশুরা প্রাণীটিকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করছে।

সাভার থেকে আসা রিফাত হোসেন বলেন, “ফেসবুকে দেখে আগ্রহ তৈরি হয়েছিল। সামনে থেকে দেখে আরও ভালো লাগছে।”

এক গৃহিণী রোকসানা আক্তার বলেন, “বাচ্চারা শুধু এটাকেই দেখতে চেয়েছে। কাছে থেকে দেখে তারা খুব আনন্দ পেয়েছে।”

প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনো বৈশিষ্ট্যের এমন মহিষ অত্যন্ত বিরল। প্রতি ১০ লাখে একটি এ ধরনের প্রাণী দেখা যেতে পারে। তাই গবেষণা ও সংরক্ষণের জন্যও এটি গুরুত্বপূর্ণ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়তে পারে। বর্তমানে জনপ্রতি ৫০ টাকার টিকিট কেটে দর্শনার্থীরা মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় প্রবেশ করছেন।

ভাইরাল ভিডিওর পরিচিত সেই মহিষ এখন বাস্তবের আকর্ষণ হয়ে উঠেছে। ঈদের আনন্দে এবার জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে আলোচিত প্রাণী হয়ে উঠেছে গোলাপি রঙের বিরল এই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।