কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদুল আজহার পর রাজধানী ঢাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম কতটা সফলভাবে সম্পন্ন হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর কোরবানির বর্জ্য অপসারণ ঠিকভাবে হচ্ছে কি না, তা যাচাই করতেই প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে রাস্তায় বের হন এবং নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

তিনি আরও বলেন, সড়ক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সিগন্যাল যথাযথভাবে মেনে চলেছেন।

উপ-প্রেসসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে নিউ মার্কেট অঞ্চলে পৌঁছায়। এরপর সায়েন্স ল্যাবরেটরি হয়ে কলাবাগান, ধানমণ্ডি ও আশপাশের সড়কগুলোও তিনি ঘুরে দেখেন।

পরবর্তী সময়ে মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।