সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ আয়োজনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
প্রেস উইং সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নীতি-নির্ধারণ, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে।
সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ রোডম্যাপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সিদ্ধান্তও সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে।