প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মনোনীতা দাস।
লালমনিরহাট জেলা প্রশাসনের মিডিয়া সেল আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতি বছরের মতো এবারও প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা এবং কাজের গতিশীলতা বাড়াতে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ পদক প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, মানসম্মত মিড-ডে মিল নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ও নিবিড় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউএনও মনোনীতা দাস। মাঠপর্যায়ে তার ব্যতিক্রমী কর্মতৎপরতা এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে জেলা পদক কমিটি সর্বসম্মতিক্রমে তাকে এ সম্মানে ভূষিত করেছে।
প্রতিক্রিয়ায় মনোনীতা দাস বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ববোধ ও কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষা অফিসের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায়ের প্রতিটি শিশুর কাছে মানসম্মত প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়া এবং বিদ্যালয়গুলোকে আনন্দময় করে তোলা।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের এ স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা খাতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “প্রাথমিক শিক্ষাই একটি দেশের ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। মনোনীতা দাস মাঠপর্যায়ে যেভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ঝরে পড়া রোধে তার ভূমিকা উল্লেখযোগ্য।”
উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির চূড়ান্ত বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও সফল প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।