র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে র‍্যাবের একটি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চলাচল ব্যাহত করতে অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং কয়েকজনকে আটক করে। বাহিনীটির দাবি, হামলায় ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন বাহিনীর সদস্যরা জড়িত ছিল। র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পূর্বপরিকল্পিতভাবে ক্যাম্পে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পৌঁছাতে বাধা সৃষ্টি করতে রাস্তা ও কালভার্ট কেটে দেওয়া হয়েছিল। তবে বাধা সত্ত্বেও অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিছু হামলাকারী পালিয়ে গেলেও কয়েকজনকে আটক করা সম্ভব হয়েছে। র‍্যাবের এক কর্মকর্তা কামাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করেন, পরিকল্পিতভাবে রাস্তা বিচ্ছিন্ন করে বাহিনীর চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। পরে কৌশলগতভাবে পায়ে হেঁটে অভিযান চালানো হয়।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, বায়েজিদ-ফৌজদারহাট সড়ক সংলগ্ন জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ছিন্নমূল ও পাহাড়ঘেরা এলাকা হিসেবে পরিচিত। জেলা প্রশাসনের হিসাবে সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে, যা অতীতে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানের পর সেখানে পুলিশ ও র‍্যাবের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে আলীনগরে র‍্যাব ক্যাম্প নির্মাণ চলছিল বলে জানা গেছে।

গত অভিযানে কয়েকজন গ্রেপ্তার হলেও অভিযোগ রয়েছে, ইয়াসিন বাহিনীর প্রধানসহ কয়েকজন এখনো পলাতক রয়েছেন। এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।