এনায়েতপুরে জুলাই শহিদ পরিবারের পাশে জামায়াত নেতা শাহিনুর আলম

এনায়েতপুর প্রতিনিধি, ইছাহাক হোসেন  প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে জুলাই আন্দোলনে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় তিনি শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার হিসেবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এনায়েতপুর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও পারিবারিক বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান তিনি।

শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাওলানা শাহিনুর আলম বলেন, “দেশ ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারগুলো আমাদের কাছে সম্মানিত আমানত।”

তিনি আরও বলেন, শহিদ পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে দেওয়া এই সহায়তা ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে শহিদ পরিবারের সদস্যরা তাদের নানা কষ্ট, অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন। অনেকেই পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে মানবেতর জীবনযাপনের কথা জানান। এ সময় শাহিনুর আলম তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, “শহিদদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। দেশের মানুষ সবসময় তাদের স্মরণ রাখবে এবং আমরা শহিদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবো।”

অনুষ্ঠানে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

জেলা জামায়াতের আমিরের এ উদ্যোগে শহিদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহানুভূতি ও সহায়তা পেয়ে তারা মানসিকভাবে অনেকটা সাহস ও শক্তি পেয়েছেন।