সোমবার থেকে চলবে অতিরিক্ত ১০টি ট্রেন, যুক্ত হবে ৫১টি কোচ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। পাশাপাশি নতুন ৫১টি কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে সোমবার থেকে নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত ও বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

তিনি জানান, ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে বিশেষ কয়েকটি রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত এই সেবা চালু থাকবে।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেন জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে এই ট্রেন। এছাড়া তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ২৫ থেকে ২৭ মে এবং ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শুধুমাত্র ঈদের দিন চলবে। একইভাবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ট্রেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটেও ঈদের দিন একবার করে যাত্রী পরিবহন করবে। রেলমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব বিশেষ ব্যবস্থা ও অতিরিক্ত ট্রেন চালুর ফলে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।