সাতক্ষীরার তালা উপজেলায় শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি মানববন্ধনের বিভিন্ন দাবি ও স্মারকলিপির বিষয়বস্তু পাঠ করে শোনান।
এতে বক্তব্য রাখেন সমতা ফোরামের সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণ পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম এবং অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মানববন্ধনে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।
কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।