নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার: চিফ হুইপ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে। রোববার সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

চিফ হুইপ বলেন, বিদ্যুৎ খাতে টেকসই সমাধান নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সংসদ ভবনের ছাদে ইতোমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি ভবনেও সৌর প্যানেল স্থাপন করা হবে।

তিনি আরও জানান, বিদ্যুৎ খাতের চলমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আগামী অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিতে শেষ পর্যন্ত বিরোধী দলের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো. নূরুল ইসলাম বলেন, প্রথম অধিবেশনে গৃহীত ১৬টি বাতিল অধ্যাদেশ পরবর্তী অধিবেশনে আলোচনায় আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংসদ চলাকালে যেকোনো অধিবেশনে প্রয়োজনীয় আইন পাস হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আসন্ন বাজেট অধিবেশনে বাজেট সংক্রান্ত আলোচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।