রাজধানীর ভাষানটেক এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা ভাষানটেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই রাতে অভিযুক্ত মো. হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করছিলেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে শিশুটি তার গোপনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে শনিবার সন্ধ্যায় (২৩ মে) সে পরিবারের কাছে ঘটনার বিষয়ে জানায়। শিশুটির অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নেন। এরপর ঘরের দরজা বন্ধ করে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।