ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব Tarek Reza-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে, ছাত্রদলের দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, ওই দিন সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারেক রেজা। ছাত্রদলের দায়ের করা মামলার বিষয়ে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।
পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন। সেই মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়। ওই মামলার সূত্র ধরেই রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।