হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর জটিল উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব শিশুর মৃত্যু ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ১৩২টি শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। নতুন আক্রান্তদের অধিকাংশকে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

সরকারি হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর জটিলতায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শিশুদের মধ্যে সংক্রামক এ রোগের দ্রুত বিস্তার এবং মৃত্যুহার বৃদ্ধি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি, জনসচেতনতার অভাব এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এ ধরনের সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের জ্বর, কাশি বা শরীরে লালচে দানা দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করাতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ও সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।