লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে ১৫ বিজিবি। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এবং রাতে লালমনিরহাট সদর উপজেলার চওরাটারী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। মোগলহাট ও বালারহাট বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চোরাকারবারীরা একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও মাদকদ্রব্য ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোট ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।