মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

মানিকগঞ্জে ট্রাকচাপায় পান্নু মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্নু মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী গ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির গরু ঢাকায় নামিয়ে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে ফিরছিল। পথে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা পথচারী পান্নু মিয়ার ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পান্নু মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।