নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ-এর রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা একটি অ্যালবিনো (ধবল) জাতের মহিষ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মুখাবয়বের মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি চুল, অদ্ভুত মুখাবয়ব ও ব্যতিক্রমী গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
ঘটনাটি এবার পৌঁছেছে ইরানেও। রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। পোস্টে রসিকতা করে লেখা হয়, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ একই সঙ্গে তারা রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, নামকরণ ও তুলনার পর থেকে মহিষটি নাকি আগের তুলনায় কম খাওয়া-দাওয়া করছে—যদিও এ বিষয়ে খামার কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে খামারে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দূর-দূরান্ত থেকে মানুষ এসে মহিষটির সঙ্গে ছবি ও ভিডিও তুলছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি আলোচনার জন্ম দিচ্ছে।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, তার ছোট ভাই মজার ছলে সোনালি চুল দেখে এই নামটি দিয়েছিল। তিনি জানান, নাম নিয়ে আলোচনা থাকলেও প্রাণীটি শান্ত স্বভাবের এবং সাধারণভাবে অ্যালবিনো জাতের মহিষ তুলনামূলকভাবে কম আক্রমণাত্মক হয়। খামার কর্তৃপক্ষ আরও জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মহিষটির প্রতি আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।