খুলনার লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানার এসআই (নিঃ) খান মো. তানজীর হোসেন ও এসআই (নিঃ) পীযূষ দাশের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়।
অভিযানটি পরিচালিত হয় জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী দারোগার লীজ নামক বিশ্বরোড পাকা সড়কে। এ সময় পুলিশের সঙ্গে নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন এবং কনস্টেবল মো. অমিত হাসান উপস্থিত ছিলেন।
অভিযানকালে শিমু আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লবণচরা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।