বটিয়াঘাটায় বিএনপি অফিসে ঢুকে যুবদল কর্মীর উপর গুলির ঘটনায় মানববন্ধন

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি, তরিকুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার জব্বার সড়কের সামনে থেকে মিছিল নিয়ে লবণচড়া থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ ও মো. জাহিদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে বটিয়াঘাটা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, “অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা অভিযোগ করেন, হামলার ঘটনার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে তারা বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল ও মহিলা দলের নেত্রীরাও অংশগ্রহণ করেন।

স্থানীয় নারী নেত্রীদের মধ্যে লাভলী বেগম, সানজিদা ফারুক তন্নি, বিউটি, লতা অধিকারী ও নুরুন্নাহার বেগমসহ অনেকে মানববন্ধনে অংশ নেন। একইসঙ্গে ময়না, নয়ন, মাহমুদ, ওসমান শেখ, খাইরুল শেখ, আলী আহসান, হেলালসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন বলে জানা গেছে।