টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

একটানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে। এর ফলে সড়ক দুর্ঘটনায় চালক, কন্ডাক্টর, যাত্রী ও পথচারীদের হতাহতের ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ পরিস্থিতিতে গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালনের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ জানায়, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে গিয়ে যানবাহন চালালে চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা কমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা গেলে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে।