জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ‘সবুজ পৃথিবী’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইল ভ্রাম্যমাণ প্রতিনিধি, আল-আমীন  প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। শনিবার টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দেশের ৬৪টি জেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ‘সবুজ পৃথিবী’র প্রধান উপদেষ্টা জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের বিভাগীয় ম্যানেজার ইস্তিয়াক আহমেদ, সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, উবিনীগের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বর্তমানে বন্যা, খরা, তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির মতো নানা দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এসব সংকট মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা মনে করেন, ‘সবুজ পৃথিবী’র এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু গাছ লাগানো নয়, স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করা হবে।

কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও বজ্রপাত প্রতিরোধে সহায়ক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। আয়োজকরা কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।